ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত
০৮:৪১ এএম | ১২ মে, ২০২৬
ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবুও তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা পর্যন্ত দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে হালকা ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে সংস্থাটি জানিয়েছে, ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া, সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে।
কেএন/এসএন