© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

শেয়ার করুন:
জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৪ পিএম | ১২ মে, ২০২৬
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে সেটি শেখ মুজিবুর রহমানের পক্ষে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন,বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান কাউকেই ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আয়োজিত টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকত না, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তাই এই দুই দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার নৈতিক অধিকার রয়েছে। তিনি অভিযোগ করেন, অনেক রাজনৈতিক নেতা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছেন। তবে তিনি বলেন, জিয়াউর রহমান এত ছোট নন; তিনি মুক্তিযুদ্ধের এক প্রবাদপুরুষ।

বঙ্গবীরের ভাষ্য, মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান, তবে তিনি সেই ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের পক্ষে। নিজের উদ্যোগে তখন তার স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরিস্থিতি বা ক্ষমতা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী আরও বলেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না, তেমনি হাজার বছরেও শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়া যাবে না। এ সময় তিনি আরও বলেন, আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক এবং শামসুল হকের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদেরও মুছে ফেলা সম্ভব নয়।

মন্তব্য করুন