চোরকে ধরে নাচালো ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
০৮:২৭ পিএম | ১২ মে, ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হলে চুরি করতে এসে আটক হওয়া এক যুবককে অভিনব শাস্তি দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে হলের পুরাতন ভবনের নিচতলায় তাকে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন হলের পাহারাদার। পরে শিক্ষার্থীরা তাকে নিয়ে এই অভিনব শাস্তি দেন।
শিক্ষার্থীদের এমন হাস্যরসের শাস্তির ভিডিও সামাজিক ও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আটক ওই চোরকে দিয়ে পরিষ্কার করানো হয় গোসলখানা। পরে তাকে পত্রিকা পড়ানো হয়। একপর্যায়ে চুরির কথা স্বীকার করলে তাকে গানের তালে নাচান শিক্ষার্থীরা। এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে হল কর্তৃপক্ষ।
পুলিশ ও হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আটুক ওই চোরের নাম কবির হোসেন(৩১)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ ইউনিয়নের ছালিয়াকান্দি গ্রামের মামুন মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা শিল্পনগরী এলাকায় (বিসিক) থাকেন।
নজরুল হলের তত্ত্বাবধায়ক শিপন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিভিন্ন সরঞ্জাম চুরি হচ্ছে হল থেকে। আজকে যে চোরকে আটক করা হয়েছে, সে গতকালকের চুরির বিষয়টি স্বীকার করেছে। আমরাও সিসি ক্যামেরায় দেখতে পাই তার কার্যকলাপ। পরে তাকে আটকের কয়েক ঘন্টা পর পুলিশে দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সকালে তাকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিজে/টিএ