আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দ. কোরিয়া যাচ্ছেন এনসিপি নেতা সিফাত
ছবি: সংগৃহীত
০৯:৪৫ পিএম | ১২ মে, ২০২৬
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দফতর সম্পাদক (যুগ্ম সদস্য সচিব) সালেহ উদ্দিন সিফাত। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘গুয়াংজু ডেমোক্রেসি ফোরাম-২০২৬’-এ বক্তা হিসেবে অংশ নেবেন তিনি।
মঙ্গলবার (১২ মে) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এ তথ্য জানান।
তিনি জানান, সম্মেলনে অংশ নিতে বুধবার (১৩ মে) এনসিপির দফতর সম্পাদকের ঢাকা ছাড়ার কথা রয়েছে। সম্মেলনটি আয়োজন করছে 'মে ১৮ ফাউন্ডেশন'।
এবারের সম্মেলনে নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, মেক্সিকো ও বাংলাদেশ থেকে মোট ছয়জন তরুণ অ্যাক্টিভিস্ট ও লিডার বক্তব্য দেবেন।
ফোরামে সালেহ উদ্দিন সিফাতের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে- ‘তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান: একটি প্রজন্মগত জাগরণ’।
আলোচনায় তিনি তুলে ধরবেন কীভাবে বাংলাদেশের তরুণরা প্রচলিত রাজনৈতিক বিন্যাসের বাইরে গিয়ে একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করেছে এবং সেই অবস্থান থেকে অভ্যুত্থান ও গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো নির্মাণে সংগঠিত হয়েছে। এছাড়া বিচার, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামের পাশাপাশি দক্ষিণ এশীয় অঞ্চলে রাষ্ট্রিক ও আঞ্চলিক ভিশন নিয়েও কথা বলবেন তিনি।
দক্ষিণ কোরিয়া সফরকালে সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেবেন সিফাত। ইতোমধ্যে ভিন্ন একটি আমন্ত্রণে কোরিয়ায় পৌঁছেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। সিউলে অনুষ্ঠিতব্য ডায়াস্পোরা অ্যালায়েন্সের মতবিনিময় সভায় তারা উভয়েই অংশ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, 'মে ১৮ ফাউন্ডেশন' ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা ভিক্টিম ও ভেটেরানদের একটি সংগঠন।
টিজে/টিএ