নারায়ণগঞ্জে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’
ছবি: সংগৃহীত
০১:৩১ এএম | ১৩ মে, ২০২৬
নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙয়ের ‘এলভিনো’ জাতের একটি মহিষের নাম রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে। প্রায় ৭০০ কেজি ওজনের ‘এলভিনো’ প্রজাতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
এই খামারে আরও গরু-মহিষ আছে। খামারের মালিক জানিয়েছেন, সবগুলো গরু-মহিষ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ৫৫০ টাকা কেজি দরে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়ে গেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মের কর্মচারীরা জানান, মহিষের নাম ছড়িয়ে পড়ার পর অনেকেই দেখতে আসেন। অনেকে কিনতেও চেয়েছিলেন। তবে এটা ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
তারা জানান, মহিষটি ১২ ধরনের খাবার মেশানো ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করে। পাশাপাশি তাকে রাজকীয় খাবারও দেয়া হয়।
ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনি। ওর মাথার চুল দেখে আমার ছোট ভাই রসিকতা করে নাম রাখে ডোনাল্ড ট্রাম্প।’
তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প চলাফেরায় খুবই শান্তশিষ্ট। এলবিনো জাতের মহিষগুলো শান্তশিষ্টই হয়ে থাকে। উত্ত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না। ইতিমধ্যে মহিষটি লাইভ ওয়েট হিসেবে ৫৫০ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহে এর মালিকের কাছে সরবরাহ করা হবে।
ট্রাম্পকে দেখতে খামারটিতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা রাসেল বলেন, ‘ফেসবুকে দেখে দেখতে এলাম। আসলেই এটা দেখতে ট্রাম্পের মতো। ওর ফেস আর চুল একদম ট্রাম্পের মতো দেখতে।’
ইউটি/টিএ