© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশিক চৌধুরীবিনিয়োগবান্ধব দেশ গড়তে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শেয়ার করুন:
বিনিয়োগবান্ধব দেশ গড়তে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৮ পিএম | ১৩ মে, ২০২৬
বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সরকার বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

মঙ্গলবার (১২ মে) রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ/টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং ফ্র্যাঞ্চাইজি ফি প্রত্যাবাসন বিষয়ে বিডা আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিডার কনফারেন্স রুমে এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা আবেদন প্রক্রিয়া ও সেবা গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন মতামত ও ফিডব্যাক প্রদান করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার উপ-পরিচালক ইফতে আরা ফেরদৌসী এবং ফাইজুর রাব্বি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা জানায়, বিনিয়োগসেবা চলতি বছরের জানুয়ারি মাসে বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে পুরোপুরি অনলাইনে চালু করা হয়। এর ফলে সেবা প্রদানের সময় ১.৫ থেকে ২ মাসের পরিবর্তে কমে মাত্র ৭ কার্যদিবসে নেমে এসেছে।

এসময় আশিক চৌধুরী বলেন, বর্তমানে ডুইং বিজনেসে রয়্যালটি ও ফি প্রত্যাবাসন নিয়ে আলোচনা হচ্ছে। আমি উপস্থিত সবাইকে আহ্বান জানাই— কীভাবে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা যায় সে বিষয়ে আপনাদের মূল্যবান পরামর্শ দিন।

মো. শাহারুল হুদা বলেন, কর্মশালায় প্রাপ্ত সুপারিশগুলো আমরা গুরুত্বসহকারে পর্যালোচনা করে বাস্তবায়ন করবো। এর ফলে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আমরা আশা করছি।

এসএন 

মন্তব্য করুন