© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ উপজেলায় চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’

শেয়ার করুন:
১০ উপজেলায় চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ পিএম | ১৩ মে, ২০২৬
দেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘শিশু স্বর্গ’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলাকে মডেল হিসেবে নির্বাচন করে এই বিশেষায়িত সেবা কেন্দ্র চালু করা হবে। বৃহস্পতিবার করাইলে মডেল প্রকল্পটির উদ্বোধন কার্যক্রম হবে।


১৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় দ্রুত এই কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। 

সভায় সিদ্ধান্ত হয় যে, পরীক্ষামূলকভাবে ১০টি জেলার ১০টি নির্দিষ্ট উপজেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্প চালু করা হবে। এখান থেকে বিশেষ শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, থেরাপি এবং পুনর্বাসন সেবা দেওয়া হবে। এই মডেল সফল হলে পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে তা ছড়িয়ে দেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত শিশুসর্গ প্রকল্পটির মূল উদ্যোক্তা। তার নির্দেশনায় এরই মধ্যে মন্ত্রণালয় এই উদ্যোগটি বাস্তবায়ন শুরু করেছে।


সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, "এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।"

সভায় সিদ্ধান্ত হয়, সকল সরকারি-বেসরকারি ভবন, হাসপাতাল ও রেস্টুরেন্টে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য র‍্যাম্প, প্রশস্ত দরজা এবং বিশেষ টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে।

নারীদের জন্য চালুর অপেক্ষায় থাকা ইলেকট্রিক বাসগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ওঠানামার বিশেষ ব্যবস্থা রাখতে হবে।

সারাদেশে পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলগুলোর মান যাচাই এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার বাড়াতে হবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমস্যা ও সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করে দ্রুত এই নির্দেশনাগুলো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন