ট্রাম্পের দেয়া ‘রেড লাইন’ না মানলে ইরানের সঙ্গে সমঝোতা নয়: জেডি ভ্যান্স
ছবি: সংগৃহীত
০৮:৪১ এএম | ১৪ মে, ২০২৬
ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানালেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের দেয়া ‘রেড লাইন’ না মানলে কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। এদিকে, হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে একচুলও সরবে না বলে জানিয়ে দিয়েছে ইরান।
ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে পরমাণু আলোচনায় কিছুটা অগ্রগতির আভাস দিয়েছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বেধে দেয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। ভ্যান্সের মতে, মূল লক্ষ্য হলো ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা।
পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে ওয়াশিংটন বেশ কিছু ‘কঠিন শর্ত’ রেখেছিল বলে জানিয়েছেন ইরানি প্রতিনিধি দলের সদস্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে এবং ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত সরিয়ে নিতে হবে। এর বিনিময়ে জব্দ করা ৬ বিলিয়ন ডলার ছাড়ের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।
শুরুতে আলোচনার টেবিলে কিছুটা নমনীয়তা থাকলেও, পরবর্তীতে ট্রাম্প এই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছে তেহরান।
কূটনৈতিক আলোচনা চললেও কোনো পক্ষই ছাড় দিতে নারাজ। হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে একচুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার নিয়ে তর্কের কোনো অবকাশ নেই।
অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে আঘাত হানলে তার পাল্টা জবাবে ওই অঞ্চলের সব মার্কিন ও মিত্র স্থাপনা মাত্র কয়েক ঘণ্টায় উড়িয়ে দেয়ার সক্ষমতা রাখে তেহরান।
এদিকে ইরানে যুদ্ধ চলার সময় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেতানিয়াহুর দফতর থেকে দাবি করা হয়, তিনি গোপনে আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। তবে আবুধাবির পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করে দেয়া হয়েছে।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, নেতানিয়াহুর সফর বা কোনো ইসরাইলি সামরিক প্রতিনিধি দলকে স্বাগত জানানোর তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন।
কেএন/এসএন