© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে মার্কিন কোম্পানির সম্ভাবনা বাড়ছে : শি জিনপিং

শেয়ার করুন:
চীনে মার্কিন কোম্পানির সম্ভাবনা বাড়ছে : শি জিনপিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ১৪ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চীনে যাওয়া মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক নিয়ে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্টশি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, বৈঠকের শুরুতে ট্রাম্প উপস্থিত ব্যবসায়ী নেতাদের একে একে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, প্রতিনিধি দলে থাকা সবাই যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সমাজের ‘সম্মানিত প্রতিনিধি’। একই সঙ্গে তারা সবাই চীনকে গুরুত্ব দেন এবং দেশটির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

বৈঠকে ট্রাম্প মার্কিন ব্যবসায়ীদের চীনের সঙ্গে আরো বেশি কাজ করার আহ্বান জানান। তিনি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে, প্রতিনিধি দলের ব্যবসায়ী নেতারাও শি জিনপিংকে জানান, তারা চীনের বাজারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। বিশ্বের অন্যতম বড় এই বাজারে তারা নিজেদের ব্যবসা আরো সম্প্রসারণ করতে চান বলেও জানান।

জবাবে শি জিনপিং বলেন, চীনের অর্থনৈতিক সংস্কার এবং উন্মুক্ত বাজার গড়ে তোলার ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি বলেন, ভবিষ্যতেও চীন ও যুক্তরাষ্ট্রের কম্পানিগুলোর মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরো বাড়ানো সম্ভব বলেও জানান তিনি।

শি আরো বলেন, চীনের বাজারে বিদেশি বিনিয়োগ ও ব্যবসার সুযোগ ভবিষ্যতে আরো বাড়বে। তার বিশ্বাস, মার্কিন কম্পানিগুলো চীনে নতুন নতুন সুযোগ পাবে।

ট্রাম্পের প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা ছিলেন। এর মধ্যে ছিল প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, এনভিডিয়া, মাইক্রন ও কোয়ালকম।

এ ছাড়া বিনিয়োগ ও আর্থিক খাতের ব্ল্যাকরক, সিটিগ্রুপ ও গোল্ডম্যান স্যাকসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রধানও ওই দলে ছিলেন।

কেএন/এসএন


মন্তব্য করুন