© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বউয়ের হাতে ‘চড়’ খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

শেয়ার করুন:
বউয়ের হাতে ‘চড়’ খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ১৪ মে, ২০২৬
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানির মধ্যে গোপন টেক্সট মেসেজ আদান-প্রদানকে কেন্দ্র করে প্যারিসের এলিসি প্রাসাদে বড় ধরনের পারিবারিক কলহের তথ্য সামনে এসেছে। প্যারিস ম্যাচ-এর সাংবাদিক ফ্লোরিয়ান তার্দিফের লেখা ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’ নামক একটি নতুন বইতে এই দাবি করা হয়েছে।

বইটিতে অভিযোগ করা হয়েছে, গত বছর একটি বিদেশ সফরে বিমান থেকে নামার মুহূর্তে ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁ তার স্বামী ইমানুয়েল ম্যাক্রোঁকে রাগের মাথায় ধাক্কা দিয়েছিলেন বা চড় সদৃশ একটি অঙ্গভঙ্গি করেছিলেন। এই ঘটনার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়, যা এখন এই নতুন বইয়ের তথ্যে নতুন মাত্রা যোগ করল।

বইটির লেখক ফ্লোরিয়ান তার্দিফের ভাষ্যমতে, ৪৮ বছর বয়সী ম্যাক্রোঁ এবং ৪২ বছর বয়সী ফারাহানির মধ্যে গত কয়েক মাস ধরে একটি ‘প্লেটোনিক’ বা আধ্যাত্মিক প্রেমের সম্পর্ক চলছিল।

গত বছরের মে মাসে ভিয়েতনাম সফরের সময় হ্যানয় বিমানবন্দরে বিমান থেকে নামার ঠিক আগ মুহূর্তে ব্রিজিত ম্যাক্রোঁ তার স্বামীর ফোনে ফারাহানির পাঠানো কিছু বার্তা দেখে ফেলেন।

একটি বার্তায় ফারাহানি ম্যাক্রোঁকে লিখেছিলেন, ‘আমি আপনাকে খুব আকর্ষণীয় মনে করি।’ জবাবে ম্যাক্রোঁও অভিনেত্রীকে লিখেছিলেন, ‘আমি তোমাকে খুব সুন্দরী মনে করি।’ এই ধরনের বার্তার আদান-প্রদান দেখেই ৭৩ বছর বয়সী ব্রিজিত মেজাজ হারিয়ে ফেলেন এবং বিমানের সিঁড়িতে নামার সময় জনসমক্ষে সেই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

যদিও সেই সময় এলিসি প্রাসাদ থেকে এই ঘটনাটিকে ‘নিছক মজা’ বা ‘ফেক নিউজ’ বলে উড়িয়ে দেওয়া হয়েছিল, তবে নতুন এই বইয়ের প্রকাশ ফরাসি রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে।

সাংবাদিক তার্দিফ আরটিএল রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, ম্যাক্রোঁ ঘনিষ্ঠ সূত্র থেকেই তিনি এই মেসেজগুলোর বিষয়ে নিশ্চিত হয়েছেন। গত বছর ভিয়েতনাম সফরের সেই আলোচিত ভিডিওটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত মাসে কৌতুক করেছিলেন, যা ফরাসি প্রেসিডেন্টের জন্য আন্তর্জাতিক মহলে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছিল।

এদিকে ব্রিজিত ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র পলিটিকো-কে জানিয়েছে যে, ফার্স্ট লেডি এই সমস্ত অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকেও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে তারা আগের মতোই বিষয়টিকে ‘ঘরোয়া ঠাট্টা’ হিসেবে বর্ণনা করছে।

অন্যদিকে অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি এর আগে ম্যাক্রোঁর সাথে তার সম্পর্কের গুঞ্জন অস্বীকার করলেও এই নতুন বইয়ের সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। বর্তমান এই পরিস্থিতিতে ম্যাক্রোঁ দম্পতির দীর্ঘদিনের স্থিতিশীল ভাবমূর্তি এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি

এসএন 

মন্তব্য করুন