© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইঞ্জিনিয়ার মোশাররফের শেষ বিদায়ে সৌহার্দ্যের বার্তা বিএনপি এমপির

শেয়ার করুন:
ইঞ্জিনিয়ার মোশাররফের শেষ বিদায়ে সৌহার্দ্যের বার্তা বিএনপি এমপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২২ পিএম | ১৪ মে, ২০২৬

বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা ও দাফনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে স্থানীয় বিএনপির সংসদ সদস্য নুরুল আমিনের বার্তা প্রশংসিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোশাররফ হোসেনকে বৃহস্পতিবার মীরসরাইয়ের ধুম গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এর আগে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত-নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ যোগ দেয়।

জানাজা ও দাফনের পরিবেশ নির্বিঘ্ন রাখতে ফেসবুকে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির এমপি নুরুল আমিন।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ ১৪/০৫/২০২৬ রোজ বৃহস্পতিবার মিরসরাই উপজেলার কোথাও আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই।

সুতরাং সংগঠনের নামে কোনো ব্যক্তি কর্মসূচির কথা বলে জনমনে এবং নেতাকর্মীদের মাঝে যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে সব নেতাকর্মীকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

দুপুর আড়াইটার দিকে দেওয়া এই পোস্ট ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। মন্তব্যের ঘরে অনেকেই লেখেন অস্থির রাজনৈতিক সময়ে এমন সৌহার্দ্যের বার্তা সবার জন্যই অনুকরণীয়।

এনাম চৌধুরী নামে একজন লেখেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।

আমাদের এমপি মহোদয়ের দিকনির্দেশনা মেনে চলাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। ধৈর্যই মহত্বের লক্ষণ।’

বেলাল হোসেন নামে আরেকজন লেখেন, ‘রাজনীতি হচ্ছে মানুষের জন্য। আপনার এই লেখনি থেকে সবাই শিক্ষা নেওয়ার দরকার।’

নূর মোহাম্মদ নামে বিএনপির এক সমর্থক লেখেন, ‘আপনার নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, জনপ্রতিনিধি হিসেবে নুরুল আমিনের যাত্রা শুরু ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য থেকে। এরপর নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন। 

টিকে/

মন্তব্য করুন