গ্রাম আর শহরের মধ্যে হামের টিকায় বৈষম্য করা হচ্ছে: সিপিবি
ছবি: সংগৃহীত
০৮:৪৯ পিএম | ১৪ মে, ২০২৬
হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ ও চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচার চেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন এলাকায় শিশুরা এখনো টিকা পাচ্ছে না।
গ্রাম আর শহরের মধ্যে টিকা দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। হাম নিয়ে সরকারিভাবে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা, বিশেষভাবে আইসিইউ সেবাসহ নানা উদ্যোগের ঘাটতি আছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। সিপিবি নেতৃবৃন্দ অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ করে মৃত্যুর মিছিল থামাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে হামে ৫০ হাজার শিশু আক্রান্ত। সরকারি তথ্যমতে ৪৩৫ জন শিশু মৃত্যুবরণ করেছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরো বেশি। হাম সারা দেশে মহামারি পর্যায়ে ছড়িয়ে পরেছে।
অন্তর্বর্তী সরকার টিকা কেনায় গড়িমসি করায় এবং শিশুদের টিকার আওতায় নিয়ে আসার ব্যর্থতার জন্যই এই হৃদয়বিদারক বিপর্যয় ঘটেছে।
তারা বলেন, সরকার দ্রুতগতিতে যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা ছিল, তা নিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে জরুরি টিকাদান জোরদার করা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। সরকারের অবহেলায় মৃত শিশুদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সময়মতো টিকা না কিনে অন্তর্বর্তী সরকার সীমাহীন অবহেলা দেখিয়েছে। তাদের এই অবহেলায় শিশুমৃত্যু শাস্তিযোগ্য অপরাধ। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, ঢাকা জেলার সভাপতি সুকান্ত সফি চৌধুরী কমল, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নুর, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটিরি সদস্য সাদেকুর রহমান শামীম।
এসকে/টিকে