© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমান উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, তীব্র প্রতিক্রিয়া নয়াদিল্লির

শেয়ার করুন:
ওমান উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, তীব্র প্রতিক্রিয়া নয়াদিল্লির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ পিএম | ১৫ মে, ২০২৬
ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়েছে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। হামলার পর জাহাজটিতে আগুন ধরে ডুবে যায় বলে জানা গেছে। ভারত সরকার এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে। তবে জাহাজে থাকা ১৪ নাবিকের সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে নয়াদিল্লি।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার (১৪ মে) জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে জাহাজটিতে থাকা ১৪ জন নাবিক সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

গত বুধবারের এই হামলা কে চালিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে গতকালের হামলা অগ্রহণযোগ্য। বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে- এ বিষয়টি আমরা নিন্দা জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তাদের উদ্ধারে সহায়তার জন্য আমরা ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলা, নিরীহ বেসামরিক নাবিকদের ঝুঁকিতে ফেলা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি- এসব এড়িয়ে চলা উচিত বলে ভারত আবারও মনে করিয়ে দিচ্ছে।’

জানা গেছে, জাহাজটি সোমালিয়া থেকে যাত্রা করেছিল। হামলার পর এতে আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায়। পরে ওমানের কোস্ট গার্ড নাবিকদের উদ্ধার করে দিবা বন্দরে নিয়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত আরও দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। সাম্প্রতিক এই হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এখনও নাজুক অবস্থায় রয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন