© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৪ পিএম | ১৫ মে, ২০২৬
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটেছে। এ ঘটনায় হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) নামে ডাকাত দলের সক্রিয় এক রোহিঙ্গা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১৫ মে) সকালে টেকনাফস্থ ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের সুলতান আহমেদের ছেলে।

 এপিবিএন জানায়, বৃহস্পতিবার রাতে এইচ-ব্লকে রোহিঙ্গা ডাকাত সাদ্দাম ও তার গ্রুপের সদস্যরা সশস্ত্র অবস্থায় প্রবেশ করে। পূর্বশত্রুতার জেরে তারা হাসানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পর সাদ্দাম গ্রুপের সদস্যরা এইচ-ব্লকের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে স্থানীয় রোহিঙ্গারা হাসানকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে হাসানের মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে নয়াপাড়া এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এপিবিএন সদস্যরা জানান, আগে ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন হাসান। তার বিরুদ্ধে আদালতে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি প্রস্তুতির মামলা এবং দুটি অপহরণ মামলা বিচারাধীন।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ, জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। 

এসকে/টিকে

মন্তব্য করুন