মাদককে ‘না’ বলতে চৌদ্দগ্রামে ফুটবল খেলার আয়োজন করলো যুবসমাজ
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ১৫ মে, ২০২৬
বৈদ্দ্যেরখীল। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুমিল্লার চৌদ্দগ্রামের একটি গ্রামের নাম। এই গ্রামের যুব-তরুন তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে আয়োজন হয় এক ফুটবল প্রিমিয়ার লীগ।
শুক্রবার (১৫) মে বিকেলে এই প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বৈদ্দ্যেরখীল জনকল্যাণ পরিষদ। এই ফাইনাল ম্যাচটি হয় বৈদ্দ্যেরখীল জনকল্যাণ পরিষদের নিজস্ব মাঠে। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্লাবের সদস্যরা।
আয়োজকরা জানান, বর্তমানে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ প্রজন্ম ধীরে ধীরে মাদক ও মোবাইল আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। এ পরিস্থিতি থেকে যুবসমাজকে রক্ষা করতে গ্রামবাসী ও বৈদ্দ্যেরখীল জনকল্যাণ পরিষদের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় কয়েক বছরের জন্য একটি বড় খেলার মাঠ প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে বছরের ১২ মাসই ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচের উদ্বোধনের সময় বক্তব্যে সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন বলেন, ‘তরুণ প্রজন্মকে ইভটিজিং, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের খেলাধুলার আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়া হবে।’
টিকে/