© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটে ট্রাকসহ মালপত্র ডাকাতির ঘটনায় এনসিপির ২ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
বাগেরহাটে ট্রাকসহ মালপত্র ডাকাতির ঘটনায় এনসিপির ২ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ পিএম | ১৫ মে, ২০২৬
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ট্রাকযোগে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় ডাকাতির ঘটনায় আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

এরমধ্যে কক্সবাজার র‌্যাব-১৫ একটি চৌকস দল গত ১৩ মে রাতে দুজনকে গ্রেপ্তার করে। তাদের ১৪ মে ফকিরহাট মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার মুনসুর আলী শেখের ছেলে সোহান শেখ (৩৬) এবং একই থানার শ্রীফলতলা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে জুয়েল শেখ (৩৬)।

পুলিশ জানান, জুয়েল রামপাল এনসিপির প্রধান সমন্বয়ক এবং সোহান এনসিপির সিনিয়র সদস্য। এ ছাড়া গত ৯ মে ফকিরহাট উপজেলার সুখদাড়া এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামি হাবিবুর রহমান (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ৭ মে সন্ধ্যায় ক্রয় করা মালপত্র বিআরটিসির একটি ভাড়ায়চালিত ট্রাকে তুলে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পরে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতোনিয়া বাসন্ট্যান্ডে স্থানীয় জনতা তাদের ট্রাকের গতিরোধ করেন। এ সময় ট্রাকে থাকা মালপত্র যাচাই-বাছাই করে দেখেন সেখানে তামা বা অবৈধ কোনো মালপত্র আছে কিনা। অবৈধ মালপত্র না থাকায় ট্রাকটি ছেড়ে দেয়।

যাচাই-বাছাই শেষে এদিন রাত ১ টার দিকে ট্রাকটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দিলে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় এসে পৌঁছালে সেখানে ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ওই ট্রাকের গতিরোধ করে। এ সময় ট্রাক চালক ও ট্রাকে থাকা বাদীপক্ষকে ভয়ভীতি দেখিয়ে মালপত্রসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৪টার দিকে উপজেলা মূলঘর একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মালপত্রসহ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)।

এ ঘটনায় রামপালের গৌরম্ভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১৬ জনকে আসামি করে ফকিরহাট থানায় একটি মামলার করেন।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৪ মে কক্সবাজার র‌্যাব-১৫ কর্তৃক ডাকাতি মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৪ মে তাদের ফকিরহাট থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তার দুজন রামপালের এনসিপির সদস্য বলে পরিচয় দিয়েছে তারা। তাদের দুজনকে ১৫ মে সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসাদিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।’

এমআই/টিকে

মন্তব্য করুন