সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:২৯ পিএম | ১৫ মে, ২০২৬
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৫ মে) সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্যরা তাদের বাড়ি পরিদর্শনে যান। এ সময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।
'বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও-নানীর অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন'- শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
পরে প্রধানমন্ত্রী শিশু দুটির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ও সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে একটি প্রতিনিধি সেখানে যান।
এসময় শিশু দুটির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তিসহ 'মাসিক শিক্ষা বৃত্তি'ও ঘোষণা করেন।
উল্লেখ্য, ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারায়। চার মাস আগে মায়ের মৃত্যুর পর তারা বর্তমানে বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সঙ্গে কষ্টে জীবনযাপন করছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং জরাজীর্ণ টিনের ঘরে দিন কাটছে।
এমআই/টিকে