১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন করেছি, তারাই অফিসে হামলা করেছে: তাসমিয়া প্রধান
ছবি: সংগৃহীত
০৩:১৯ এএম | ১৬ মে, ২০২৬
জাগপা সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ১৭ বছর যাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, তারাই ক্ষমতায় গিয়ে আমাদের অফিসে হামলা করেছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড় শহরে জাগপার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি, সেই রক্তের সঙ্গে যেন বেইমানি না করি। ৭০ শতাংশ মানুষ গণভোটে “হ্যাঁ” ভোট দিয়েছে। এই রায়ের সঙ্গে যেন তামাশা না করা হয়।
পাশের দেশে উগ্রবাদীরা আমাদের ভাই-বোনদের নির্যাতন করছে। এখন পুশইন হতে পারে, সীমান্ত হত্যা হতে পারে। আপনারা সর্বদা জাগ্রত থাকবেন।
জাগপা সবসময় সীমান্ত হত্যা ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে বলেও তিনি জানান।
দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ করে জাগপা সভাপতি জানান, আওয়ামী লীগের আমলে তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল।
একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, ১৭ বছর যাদের সঙ্গে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, তারা ক্ষমতায় এসে আবার আমাদের অফিসে হামলা করেছে।
ক্ষমতা চিরস্থায়ী নয়, স্বৈরাচারী আচরণ করলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে বলে এসময় তিনি হুঁশিয়ারি দেন।
জোট রাজনীতির প্রসঙ্গ তুলে তাসমিয়া প্রধান বলেন, জামায়াত তার শরিকদের সঙ্গে বেঈমানি করেনি, তাদের মূল্যায়ন করেছে। ১১ দল ক্ষমতায় গেলে কখনো স্বার্থপর আচরণ করবে না। তারা একসঙ্গে রাজপথে আন্দোলনে থাকবে। জোটসঙ্গীদের অফিসে গিয়ে হামলা করবে না।
অফিসে হামলার ঘটনায় মামলা করার বিষয়ে তিনি বলেন, আমরা মামলা করে সময় নষ্ট না করে এলাকায় উন্নয়নে সময় দিতে চাই।
অনুষ্ঠানে জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জাগপা ও ১১ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাসমিয়া প্রধান পঞ্চগড় প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এমআর/টিএ