© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোরের বৃষ্টিতে ঢাকার বাতাসে বড় উন্নতি, দূষণে শীর্ষে কে?

শেয়ার করুন:
ভোরের বৃষ্টিতে ঢাকার বাতাসে বড় উন্নতি, দূষণে শীর্ষে কে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ এএম | ১৭ মে, ২০২৬
ভোররাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসে এক বড় ধরনের স্বস্তি মিলেছে। দীর্ঘদিন ধরে দূষণে জর্জরিত মেগাসিটি ঢাকার বায়ুমান আজ রোববার (১৭ মে) সকালে নাটকীয়ভাবে উন্নত হয়েছে। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় শীর্ষ দূষিত শহরের কাতার থেকে অনেকটাই নেমে এসেছে ঢাকা।


আজ সকাল ৭টা ১৮ মিনিটের লাইভ আইকিউএয়ার ডাটা অনুযায়ী, ঢাকা ২৮তম অবস্থানে নেমে এসেছে। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে মাত্র ৬৪, যা পরিবেশের পরিভাষায় ‘মাঝারি’ বা সহনীয় মানের বাতাস হিসেবে গণ্য করা হয়।


সাধারণত বছরের অধিকাংশ সময় বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় প্রথম দিকেই ঘুরপাক খায় ঢাকা। তবে আজকের এই বৃষ্টির কারণে বাতাসে ভাসমান ধূলিকণা ও ক্ষতিকর উপাদান ধুয়ে মুছে যাওয়ায় ঢাকার বাসিন্দারা আজ এক নির্মল সকাল উপভোগ করছেন।


এদিকে আজকের বৈশ্বিক তালিকায় ২০৬ একিউআই স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে মিশরের কায়রো। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৭৫ এবং ১৬৮ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা রয়েছে তৃতীয় স্থানে।


আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ নগরবাসীর জন্য সহনীয় পর্যায়ে রয়েছে।

টিজে/টিকে

মন্তব্য করুন