আবুল খায়ের ভূঁইয়াতারেক রহমানের নেতৃত্বে দেশের সব সমস্যার সমাধান হবে
ছবি: সংগৃহীত
০৪:১৫ পিএম | ১৭ মে, ২০২৬
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। আল্লাহ যদি হায়াত দেন, তার নেতৃত্বে বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে।
তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রবিবার (১৭ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস (জিএফ) ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমরা মানুষকে কোনো মিথ্যা আশ্বাস দিইনি। বলিনি যে মানুষকে বেহেশতের কার্ড দেব। যারা ইসলামবিরোধী অপপ্রচার করে তাদের প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ করতে হবে। তাদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। এদের কারণে পৃথিবীর অনেক রাষ্ট্র ধ্বংসের পথে।
বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, বেহেশতের টিকিট বিক্রিকারীরা কিভাবে কোরআন-হাদিস বিশ্বাস করবে? তারা এদেশের মা-বোনদের ইজ্জত পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে।
তাদের বিশ্বাস করা যায়? তারা এ দেশের মন্ত্রী-এমপি হবে—এটাও আমি মানতে পারি না।
খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, প্রাক্তন ছাত্রফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হামদে রাব্বি ও সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান প্রমুখ।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাত পুরস্কার তুলে দেন অতিথিরা।
আইকে/টিএ