© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার-হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

শেয়ার করুন:
বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার-হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ১৭ মে, ২০২৬
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুলও জারি করেছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনায়েম নবী শাহীন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে বিচারপতি এ বি এম খায়রুল হক হাইকোর্ট থেকে জামিন পান।

আদালতের ওই আদেশের পর খায়রুল হকের আইনজীবীরা জানান, সব মামলায় জামিন পাওয়ায় বর্তমানে তার মুক্তিতে কোনো আইনি বাধা নেই। তবে সেই আদেশ স্থগিত চেয়ে বুধবার আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

এরও আগে, ৮ মার্চ হাইকোর্ট জামিন বিষয়ে রুল মঞ্জুর করে চার মামলায় তাকে জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলাতেও জামিন লাভ করেন তিনি। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরিফ হত্যা মামলা এবং আদাবর থানায় করা রুবেল হত্যা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। পরে ১২ মে ওই দুই মামলাতেও হাইকোর্ট থেকে জামিন পান। বর্তমানে তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


ইউটি/টিএ

মন্তব্য করুন