ময়মনসিংহ হাসপাতালের তৃতীয় তলায় ঘুরে বেড়াচ্ছে গাভি, ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত
০৫:৩৯ পিএম | ১৭ মে, ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ভেতরে একটি গাভি ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৫ মে) রাতে ‘ময়মনসিংহ রিসাইকেল বিন’ নামের একটি ফেসবুক গ্রুপে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি ছবিটি পোস্ট করেন।
ওই পোস্টে তিনি লেখেন, ‘ময়মনসিংহ হাসপাতালের ভেতরে শিশু সার্জারি বিভাগে গরু চলাচল করে। দেখার কি কেউ নেই? পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সিসি ক্যামেরা চেক দিয়েন ১৫ মে রাত ১০টার দিকে।’
ভাইরাল ছবিতে দেখা যায়, হাসপাতালের তৃতীয় তলার শিশু সার্জারি বিভাগের সামনে একটি কালো-সাদা রঙের গাভি বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। পাশে রোগী বহনের ট্রলি ও সামনে রোগীদের উপস্থিতিও দেখা যায়।
পোস্টের মন্তব্যে ‘এভিয়ারি ফার্ম ময়মনসিংহ’ নামের একটি আইডি থেকে দাবি করা হয়, গরুটি হাসপাতালের পশ্চিম পাশের ময়লার স্তূপে ঘোরাফেরা করে এবং আশপাশের এলাকায় নিয়মিত দেখা যায়। মন্তব্যে আরও বলা হয়, গরুর মালিককে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ গুদাম কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, ‘কুকুর-বিড়াল দৌড়ে ঢুকে যায়, এটা এক রকম। কিন্তু এত বড় গরু হাসপাতালে ঢুকে ঘুরে বেড়াবে, এটা মেনে নেওয়া যায় না। নিরাপত্তাকর্মীরা কেন বিষয়টি দেখেনি, তা খতিয়ে দেখা হবে। অফিসে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ইউটি/টিএ