মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে বৈঠকে ৬ দফা দাবি জানালেন কমল হাসান
ছবি: সংগৃহীত
০৬:০১ পিএম | ১৭ মে, ২০২৬
ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে বৈঠক করেছেন বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। বৈঠকে তামিল চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বর্তমান সংকট মোকাবেলায় তিনি ৬ দফা গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন বলে খবর ইন্ডিয়া টুডের।
গত ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল শনিবার এই প্রথম আনুষ্ঠানিকভাবে মুখোমুখি হন দক্ষিণি চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন কমল হাসান।
তিনি জানান, তামিল চলচ্চিত্রশিল্প বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
এক পোস্টে কমল হাসান বলেন, ‘আমি ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেছি। আমাদের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে এবং এগিয়ে নিতে সরকারের সমর্থন প্রয়োজন।’
বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বিনয়ী আচরণ ও উন্নয়নমুখী পরিকল্পনারও প্রশংসা করেন। তাঁর মতে, বিজয়কে শুধু জনপ্রিয় চলচ্চিত্র তারকা হিসেবে দেখলে হবে না, রাজনৈতিক নেতৃত্ব হিসেবেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ।
যদিও দাবিগুলোর বিস্তারিত প্রকাশ করেননি কমল হাসান, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন- প্রযোজক ও প্রদর্শকদের ওপর বাড়তে থাকা আর্থিক চাপ, প্রেক্ষাগৃহ ব্যবসার সংকট এবং নীতিগত সহায়তার মতো বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেয়েছে।
এর আগে তামিলনাড়ু সরকার মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের যে সিদ্ধান্ত নেয়, সেটিকেও স্বাগত জানিয়েছিলেন কমল হাসান। তিনি এই পদক্ষেপকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসএ/এসএন