সিইসির সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৫:৪৯ এএম | ১৮ মে, ২০২৬
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএন ওমেনের সহকারী মহাসচিব ও উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুম্বোনজভান্ডারের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তারা সাক্ষাৎ করে।
সিইসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছে এবং নির্বাচনে কিভাবে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ আরো বাড়ানো যায় এ বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে।’
তিনি বলেন, ‘গত নির্বাচনে সাতজন নারী প্রার্থী সরাসরি নির্বাচনে জিতে এসেছেন। আরো অনেকে নারী প্রার্থী ছিলেন। তবে প্রার্থীদের অন্য প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়ে জিতে আসতে হয়।’
ইসি সচিব বলেন, ‘সরাসরি নির্বাচিত হওয়া ছাড়াও সংরক্ষিত নারী আসনের ৫০ জন রয়েছেন, অর্থাৎ মোট ৫৭ জন নারী রয়েছেন। স্থানীয় নির্বাচনে এটা আরো বাড়বে। ভোটার তালিকাতে নারী-পুরুষের গ্যাপ তিন মিলিয়ন ছিল। এটা কমিয়ে ওয়ান পয়েন্ট এইট মিলিয়নে আনা হয়েছে।এটা আরো কমানোর জন্য চেষ্টা চলছে।’
এ ছাড়া এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারো ভোট বাক্স ছিনতাই হয়নি বলে প্রতিনিধিদলকে জানানো হয়েছে। ইসি সচিব জানান, তারা আমাদের সঙ্গে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইউএন ওমেন এশিয়ার আঞ্চলিক পরিচালক ক্রিস্টিন আরব, ইউএন ওমেন বাংলাদেশ-এর প্রতিনিধি গীতাঞ্জলি সিং, ইউএন ওমেন বাংলাদেশের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা এবং ইউএন ওমেন বাংলাদেশ-এর ইউনিট ম্যানেজার তাপতী সাহা।
এসকে/টিএ