© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু রয়েছে : টুকু

শেয়ার করুন:
দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু রয়েছে : টুকু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৮ এএম | ১৮ মে, ২০২৬
দেশে চাহিদার চেয়ে প্রায় ২২ লাখের বেশি পশু রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (১৭ মে) বগুড়ায় ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ বিষয়ক সেমিনারে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু রয়েছে। যেখানে চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ অথবা ২ লাখের মতো। আগামীতে মাংস রপ্তানিতেও আমরা অনেক এগিয়ে যাব। ইতিমধ্যেই ‘বেঙ্গল মিট’ তাদের প্রসেসিং সেন্টারের মাধ্যমে গরুর মাংস রপ্তানি শুরু করেছে।

তিনি বলেন, “টাঙ্গাইল থেকে যে বিশেষ ‘কৃষি কার্ড’ উদ্বোধন করা হয়েছে তার আওতায় এখন থেকে কৃষকদের পাশাপাশি খামারিরাও অন্তর্ভুক্ত হবেন। এর ফলে কৃষি খাতের মতো খামারিরাও সব ধরনের ঋণ সুবিধা ও সার্বিক সহযোগিতা পাবেন।”

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে উন্নয়নে কাজ করেছে।

বর্তমান সরকার মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআই/টিকে 

মন্তব্য করুন