দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে দিনরাত ছুটে চলছেন প্রধানমন্ত্রী: রিজভী
ছবি: সংগৃহীত
০১:৩০ পিএম | ১৮ মে, ২০২৬
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত ছুটে চলছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৮ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথসভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ ধরেই দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার পথ ধরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে দিনরাত ছুটে চলছেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ৩০ মে শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হবে। অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩০ মে ভোর ৬টা থেকে সারা দেশের সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করা হবে।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনদুর্ভোগ সৃষ্টি করে-- এমন কোনো কর্মসূচি করা যাবে না।
এমআর/টিএ