© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী সুজন

শেয়ার করুন:
আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী সুজন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ পিএম | ১৯ মে, ২০২৬
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর (৫৪) নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শামীম হোসেন গত ১৪ মে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন মঙ্গলবার।

এদিন শুনানিকালে নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ, র্যাব ও বিজিবি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মারা যান জাহাঙ্গীর। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

এমআর/এসএন 

মন্তব্য করুন