গণভোট বাস্তবায়ন না করলে লাল কার্ড দেখানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
০৩:২৫ পিএম | ১৯ মে, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন না করলে এ সরকার থাকতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে সরকারকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। বর্তমান মন্ত্রিসভার অনেককে তিনি হাওয়া ভবনের মন্ত্রী বলেও মন্তব্য করেন।’
তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নদীতে আমরা পানি চাই, যেকোনো মূল্যে পানি চাই। পানির জন্য প্রয়োজন হলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধও হতে পারে। পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না।’
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও জানান তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের পানির প্রশ্নে কোনো দল নেই, একটাই পরিচয়-আমরা সবাই বাংলাদেশি। সীমান্তে ভারতীয় বাহিনীর সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে হবে। এনসিপি সীমান্তে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
এরপর আমঝোল সীমান্ত এলাকার খরপো নদীতে মাছ শিকার করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন নাসীরুদ্দীন পাটোয়ারী।
এমআই/টিএ