অবনতি সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মিথ্যা বুলি আওড়াচ্ছে সরকার: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০৪:৩৪ এএম | ২০ মে, ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মিথ্যা বুলি আওড়াচ্ছে সরকার। এমনটাই মন্তব্য করছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) শরিয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা। যে কোনো ঘটনায় আইন হাতে তুলে নেওয়া সভ্য জাতির কাজ নয়। চিকিৎসায় অবহেলা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া যেতে পারে। তবে আইন হাতে তুলে নেয়া কোনোভাবে কাম্য নয়।
শরিয়তপুর হাসপাতালের ঘটনায় সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনার উদ্ঘাটনের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ন্যায় সংগত কাজে সরকারকে সহযোগিতা করলেও কোথাও অন্যায় হলে তার প্রতিবাদ করবে বিরোধী দল।
এছাড়া বিগত শাসন আমলে দেশের ব্যবস্থাপনাকে ধ্বংস করে গেছে, যেখান থেকে আমাদের বেরিয়ে এসে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
ইউটি/টিএ