স্ত্রীর মামলায় বিএনপি নেতা কারাগারে
ছবি: সংগৃহীত
০৭:২০ এএম | ২০ মে, ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বিএনপি নেতা নিয়ামত হোসেন ওরফে পারভেজকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে তাকে আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের পানিপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে স্ত্রী রোকসনা বেগম যৌতুকের দাবিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নিয়ামত হোসেন আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরু বলেন,এ ঘটনাটি আমাদের কাছে বেদনাদায়ক। এসব কারণে দলের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে ক্ষুণ্ন হয়। দল ক্ষতিগ্রস্ত হয়। আমরা উপজেলা বিএনপিতে বসে এ বিষয়ে আমাদের করণীয় কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে নিয়ামত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে আজই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরআই/ এসএন