সাবেক ইউপি চেয়ারম্যান তাজ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১২:৪৩ পিএম | ২০ মে, ২০২৬
কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তাজের বিরুদ্ধে কুমিল্লা-১ আসনের বর্তমান সংসদ-সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানীঘাট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করে। এ ঘটনার প্রায় ৭ বছর পর গত শুক্রবার মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি ৮৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার ৪নং আসামি তাজুল ইসলাম তাজ।
মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় শাহবাগ পিরামিড মার্কেট থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মেঘনা থানার একাধিক মামলা রয়েছে।
এসএন