গাইবান্ধায় জলাতঙ্কের ভ্যাকসিনে ৫ জনের প্রাণহানির ঘটনার প্রতিবেদন দেয়ার নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত
০৩:৫৬ পিএম | ২০ মে, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনে ৫ জনের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জনকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গাইবান্ধায় জলাতঙ্কের ভ্যাকসিনে ৫ জনের মৃত্যুর ঘটনার প্রতিবেদন দেয়ার নির্দেশ হাইকোর্টের
বুধবার (২০ মে) বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গত ২২ এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জের দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামে বেওয়ারিশের কুকুর ১৭ জনকে কামড়িয়ে আহত করে। সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা না থাকায় বাইরে থেকে টিকা কিনে দেয়া হয়। দুই সপ্তাহ পর ৫ জন মারা যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠেছে টিকা দেয়ার পর মারা যাওয়ার কারণ কী। এ বিষয়ে গণমাধ্যম সংবাদ প্রচারিত হয়।
কুকুরের কামড়ে ৫ জন মারা যাওয়ার এই ঘটনা তদন্ত করার জন্য একজন আইনজীবী হাইকোর্টে রিট করেন।
আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী বলেন, শুনানি করে হাইকোর্ট পুরো বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দিতে গাইবান্ধার সিভিল সার্জনকে নির্দেশ দেন। দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবেদনের পর জলাতঙ্কের টিকার ঘাটতি নিয়ে বিস্তারিত শুনানি করা হবে।
এসকে/টিএ