© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোরবানির পশুর হাট বসবে ৫ দিন, এর আগে বেচাকেনা অবৈধ হবে: ডিএনসিসি প্রশাসক

শেয়ার করুন:
কোরবানির পশুর হাট বসবে ৫ দিন, এর আগে বেচাকেনা অবৈধ হবে: ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৭ পিএম | ২০ মে, ২০২৬
কোরবানির পশুর হাট নির্ধারিত নিয়ম অনুযায়ী পাঁচ দিনের জন্য বসবে, এর আগে কোনো ধরনের বেচাকেনা বা কার্যক্রম পরিচালনা করা হলে তা অবৈধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

বুধবার (২০ মে) দুপুরে ডিএনসিসির অডিটরিয়ামে কোরবানির হাট ব্যবস্থাপনায় ইজারাদারসহ সংশ্লিষ্টদের নিয়ে সভায় তিনি এসব কথা বলেন। 

ডিএনসিসি প্রশাসক জানান, প্রায় ১০০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন। 

তিনি আরও জানান, পশু বিক্রির অর্থ থেকে  ইজারাদার ৫ শতাংশ হাসিল নিতে পারবেন। এর বাইরে গরু বিক্রেতার কাছ থেকে আর কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। 

তিনি বলেন, বৈধভাবে ইজারা দেওয়া হাট ছাড়া অন্য কোথাও পশুর হাট বসানোর সুযোগ নেই। কেউ অতিরিক্ত সুবিধার জন্য অবৈধভাবে কেনা-বেচা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে।

তিনি আরও বলেন, হাট এলাকায় যেন পানি জমে না থাকে সে ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই নির্ধারিত স্থানে সরিয়ে ফেলতে হবে, যাতে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয়।

ডিএনসিসি প্রশাসক বলেন, পরিবারের নারী ও ছোট বাচ্চারা এখন হাটে যায়। তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া মা বোনদের জন্য হাটে পিংক টয়লেট বসাতে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

কেএন/এসএন

মন্তব্য করুন