তারা খুব সুন্দর করে মিথ্যা কথা বলে : মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
০৫:০৩ পিএম | ২০ মে, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু দল, গোষ্ঠী যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়না এমন মিথ্যা কথা বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে।
অথচ বিএনপিই জুলাই সনদ তৈরি করে, সংস্কারের কাজ করছে। প্রধান মন্ত্রী দেশ ও মানুষের জন্য সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছ্। মন্ত্রী বলেন, জামায়াত ইসলাম ধর্মের নামে রাজনীতি করে, তারা খুব সুন্দর করে মিথ্যা কথা বলে। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলতে হবে।
নির্বাচনের আগে ঢাকঢোল পিটিয়ে জামায়াত জানান দিচ্ছিল তারা ক্ষমতায় চলে এসেছে। কিন্তু মানুষ তাদের ভোট দেয় নাই। এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবেনা। জামায়াত ইসলাম ১৭৭১ সালে আমাদের দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এই কারণে এদেশের মানুষ কোনক্রমেই তাদের ক্ষমতায় আনবেনা।
আজ বুধবার দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান ,জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মরা ।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি পরিস্কার করে বলতে চায়, মিথ্যাচার করবেন না- তা না হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। বিএনপি জুলাইয়ের প্রতিটি শর্ত পালন করছে। বিএনপি তখনি বলেছিল, যে বিষয়গুলো সম্ভব নয় আমরা তখন সেগুলো নোট অব ডিসেন্ট দিয়েছিলাম।’
তিনি আরো বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, তার মানে এই নয় তারা দেশের স্বাধীনতা ও অস্তিত্বের বাইরে গিয়ে কথা বলবেন আর বিএনপি তা মেনে নেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিন রাত পরিশ্রম করে দেশে নতুন দিগন্তের সূচনা করেছেন। বাংলাদেশের রাজনীতি হলো মানুষের জন্য ও জাতীয়তাবাদের রাজনীতি। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, বিএনপি একটি উদার পন্থী দল, তাই হিন্দু, মুসলিম বৌদ্ধ খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চায় বিএনপি। আমরা রেইনবো স্টেট এর মতো দেশকে গড়ে তুলতে চাই ,যেখানে সব ফুল ফুটবে, বিকশিত হবে, যেখানে সাম্প্রদায়ীকতা ও বিভাজন ভুলে সকলে এক সাথে মিলেমিশে থাকবো।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, নির্বাচনের আগে ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছিলেন এবং বিভিন্ন উন্নয়নের পাশাপাশি ঠাকুরগাঁও বিমান বন্দর চালু করার কথা বলেছিলেন। আজ আমরা প্রধান মন্ত্রীর নির্দেশে এখানে এসেছি এবং তার দেয়া প্রতিশ্রতি বাস্তবায়ন করতে এসেছি। আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্দর চালু করবে এই সরকার।
এলাকার মানুষের ভবিষ্যৎ যেন সুন্দর হয় সে লক্ষে কাজ করছে সরকার। গত ১৬ বছর আমরা অনেক নির্যাতিত হযেছি, অনেকেই আসামি হয়েছি, জেলে গিয়েছি। আমরা অত্যাচার আর জুলুমের কারণে নিজের বাড়ি ঘরে ঘুমাতে পারি নাই। তাই আমরা এমন কোন কাজ করবোনা যাতে আমাদের দলের সুনাম নষ্ট হয়, আমরা রসকলে মিলে এই দেশের উন্নয়নের জন্য মানুষের জন্য কাজ করবো । একই কথা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আইকে/টিএ