শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ছবি: সংগৃহীত
১২:৫৪ এএম | ২১ মে, ২০২৬
শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদরের উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া-আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূচনা বেগম (২৮) সদরের সাপমারী এলাকার হোসাইন মিয়ার স্ত্রী। অপরজনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আহতরা হলেন- সদরের চান্দেরনগর এলাকার আলতাফ আলীর ছেলে সুজন মিয়া (২০), কামারিয়া এলাকার সামিদুল হকের ছেলে আব্দুল কাদের (৪০)সহ তিনজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালিত একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে সদরের তারাকান্দি থেকে শেরপুরের উদ্দেশে আসছিল। এসময় সিএনজিটি হাওড়া-আমতলা এলাকায় আসলে শেরপুর থেকে নকলাগামী একটি ড্রামট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সূচনাসহ দুইজন নিহত হন। আর গুরুতর আহত হন তিনজন।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান বলেন, পাঁচজন রোগীকে হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত এবং তিনজনের আহত অবস্থায় আমরা পায়। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, নিহত দুইজনের মধ্যে নারীর পরিচয় পাওয়া গেলেও পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসাথে ড্রামট্রাক ও চালককে ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
টিজে/টিএ