ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান
ছবি: সংগৃহীত
০১:১৭ এএম | ২১ মে, ২০২৬
বাংলাদেশে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, এতে উন্নত প্রযুক্তিনির্ভর মানসম্মত মাংস উৎপাদনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরি হবে এবং স্থানীয় বাজারেও সরবরাহ বাড়বে।
বুধবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিখাতে বাংলাদেশ ও ব্রাজিলের বাণিজ্য সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ব্রাজিল মিশনের উপপ্রধান লিওনার্দো জানুজ্জি।
বৈঠকে ব্রাজিল থেকে মাংস আমদানির প্রসঙ্গ উঠলে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে দেশে প্রয়োজনীয় অবকাঠামো, সংরক্ষণব্যবস্থা এবং কোল্ড চেইন আরও উন্নত করা জরুরি।
তিনি জানান, ব্রাজিল সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাওয়া গেলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি (এসপিএস) সার্টিফিকেশন প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও উদ্ভিদস্বাস্থ্যসংক্রান্ত আন্তর্জাতিক মানপত্র নিয়েও মতবিনিময় হয়।
উভয় পক্ষ প্রাণিসম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের সম্ভাবনার কথা তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ইউটি/টিএ