আগামী বাজেটেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:৩৬ এএম | ২১ মে, ২০২৬
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে আগামী জুলাই থেকে নতুন বেতন কাঠামো শুরু হতে যাচ্ছে, এমন বার্তা দেওয়া হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে বলেন, আগামী বাজেটেই নতুন বেতন কাঠামো নিশ্চিতভাবে বাস্তবায়ন হবে। তবে বাস্তবায়ন কিভাবে হবে, এ নিয়ে কথাবার্তা চলছে।
মন্ত্রীর আশ্বাসের পর জানতে চাওয়া হয়, এবারের বাজেটেই পুরোপুরি নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিনা? সরকার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ীই এই পে স্কেল বাস্তবায়ন করবে কিনা? এই দুই বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য—আলোচনা চলছে।
২০২৫ সালের জুলাইয়ে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়।
ওই কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়।
সেই কমিশন তখন সরকারি কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন সুপারিশ করে। সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।
টিজে/টিএ