রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা
ছবি: সংগৃহীত
০৩:৪৯ এএম | ২১ মে, ২০২৬
প্রায় তিন দশক আগে মার্কিন নাগরিক হত্যা ও বিমান ভূপাতিত করার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিরা।
১৯৯৬ সালে কিউবান প্রবাসীদের মায়ামি-ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় রাউলের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ সংগঠনের কাজ ছিল নিয়মিত ফ্লাইট পরিচালনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চাওয়া কিউবানদের খুঁজে বের করে তাদেরকে সহায়তা করা।
১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারিতে এমনই এক ফ্লাইট পরিচালনার সময় সংগঠনটির দুটো উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করে কিউবার যুদ্ধবিমান। কিউবা উপকূলের কাছে উড়োজাহাজ দুটি ভূপাতিত হয়। এতে চারজন নিহত হন। তাদের তিনজনই ছিলেন মার্কিন নাগরিক।
ওই ঘটনার পরপরই কিউবা সরকার তাদের বিরুদ্ধে গোপন অভিযানে জড়িত থাকার অভিযোগ তোলে ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ সংগঠনের বিরুদ্ধে। তবে যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে এই অভিযোগ অস্বীকার করে।
যুক্তরাষ্ট্র সরকারের যুক্তি ছিল, ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর উড়োজাহাজগুলোতে কোনো অস্ত্র ছিল না এবং উড়োজাহাজের আরোহী স্বেচ্ছাসেবীরাও কিউবা সরকার, সামরিক বাহিনী কিংবা জনগণ কারও জন্যই হুমকি ছিল না।
উড়োজাহাজ ভূপাতিত হওয়ার ঘটনার সময় রাউল কাস্ত্রো ছিলেন কিউবার প্রতিরক্ষামন্ত্রী। তার বিরুদ্ধে উড়োজাহাজ ধ্বংস করা এবং চারজনকে হত্যার অভিযোগও আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্লানশে সাংবাদিকদেরকে রাউলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো জানিয়ে বলেছেন, কিউবার সামরিক বাহিনীর ভূপাতিত করা সেই উড়োজাহাজে যে আরোহীরা নিহত হয়েছিলেন, তাদের পরিবার দশকের পর দশক ধরে ‘ন্যায়বিচারের’ অপেক্ষায় আছে।
রাউল কাস্ত্রো বিচারে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
টিজে/টিএ