মেট্রোরেলে ভাড়ায় ২৫% ছাড়, পাবেন কারা?
ছবি: সংগৃহীত
০৬:৩৪ এএম | ২১ মে, ২০২৬
মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন। অর্থ বিভাগ ইতোমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনি অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ‘সুবর্ণ পরিচয়পত্র’ প্রদর্শন করে এই ছাড়ের সুবিধা নিতে পারবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে বয়স নিশ্চিত করা হবে।
এর আগে মেট্রোরেলে কেবল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা ছিল। নতুন সিদ্ধান্তে প্রতিবন্ধীদের ছাড় বাড়িয়ে ২৫ শতাংশ করার পাশাপাশি প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হলো।
সাধারণত দেশে ৬০ বছর বয়সীদের জ্যেষ্ঠ নাগরিক বা প্রবীণ হিসেবে বিবেচনা করা হলেও, মেট্রোরেলের ক্ষেত্রে এই সীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মেট্রোরেলের পরিচালন ব্যয়, রাজস্ব আয় সচল রাখা এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা বিবেচনা করেই এই বয়সসীমা নির্ধারণ করতে হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) হিসাব অনুযায়ী, এই বিশেষ ছাড় কার্যকর হলে বছরে সরকারের রাজস্ব আয় প্রায় ১২ কোটি টাকা কমতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশের সমান। আর্থিক সংশ্লেষ থাকায় নিয়ম অনুযায়ী এ বিষয়ে অর্থ বিভাগের চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে মেট্রোরেলের আয় এবং সার্বিক পরিচালন পরিস্থিতি মূল্যায়ন করে শিক্ষার্থীদের ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
টিজে/টিএ