© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুম্বাইকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা

শেয়ার করুন:
মুম্বাইকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৪ এএম | ২১ মে, ২০২৬
প্রথম ছয় ম্যাচে টানা জয়হীন থাকার পর শেষ সাত ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিয়ে অবিশ্বাস্যভাবে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কলকাতা। বোলারদের দারুণ বোলিংয়ের পর মনিশ পাণ্ডে এবং রোভম্যান পাওয়েলের ব্যাটে জয় নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।

বুধবার (২০ মে) লিগ পর্বের ৬৫তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেট ও ৭ বল হাতে রেখে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করা মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। জবাবে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

এই জয়ে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে কলকাতা, তাতে টিকে আছে প্লে-অফে খেলার ক্ষীণ আশাও।

এদিন পাওয়ারপ্লেতেই মুম্বাই দুই ওপেনার রায়ান রিকেলটন (৭ বলে ৬) ও রহিত শর্মা (১৩ বলে ১৫) এবং ওয়ান ডাউনে (০) নামা নামান ধীরকে হারায়। গ্রিন ফেরান রিকেলটন ও ধীরকে। রহিতকে ফেরান সৌরভ ধুবে।

পেসাররা ভালো শুরু এনে দেয়ার পর কলকাতার স্পিনাররা চেপে ধরে। তাদের আঁটসাঁট বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি মুম্বাইয়ের ব্যাটাররা।



সূর্যকুমার যাদব ৬ বলে ১৫ রান করে ধুবের বলে বোল্ড হন। তিলক ভার্মা ৩২ বলে ২০, হার্দিক পান্ডিয়া ২৭ বলে ২৬ উইল জ্যাকস ৭ বলে ১৪ রান করে আউট হন। ১০৫ রানে সপ্তম উইকেট হারানোর পর মুম্বাই সম্মানজনক স্কোর গড়তে পেরেছে মূলত করবিন বশ ও দীপক চাহারের জুটির কারণে। বশ মাত্র ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানের দারুণ ইনিংস খেলেন। ৭ বলে ১০ রান করে তাকে সঙ্গ দেন চাহার। কলকাতার পক্ষে গ্রিন, ধুবে, কার্তিক ত্যাগী ২টি করে উইকেট শিকার করেন। সুনীল নারিন নেন বাকি উইকেটটি।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৪ রানে তিন উইকেট হারায় কেকেআর। ফিন অ্যালেন ৫ বলে ৮, রাহানে ১৭ বলে ২১ ও গ্রিন ৮ বলে ৪ রান করে আউট হন।

তবে মানিশ পান্ডে ও রভম্যান পাওয়েলের দুটি চল্লিশোর্ধ ইনিংস ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় তাদের হাতে। পাণ্ডে বুমরাহর বলে আউট হওয়ার আগে ৩৩ বলে ৬ চারে ৪৫ ও পাওয়েল ৩০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। এছাড়া তেজস্বী ধাইয়া ১২ বলে ১১, রিঙ্কু সিং ও অনুকূল রায় যথাক্রমে ৫ বলে ৯ ও ৪ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

মুম্বাইয়ের পক্ষে বশ ৩টি, দীপক চাহার, গজনফর ও বুমরাহ ১টি করে উইকেট শিকার করেন।

এখনো প্লে-অফে যেতে হলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ম্যাচ জিততে হবে কলকাতাকে, পাশাপাশি অন্য দুটি ফলও যেতে হবে তাদের পক্ষে। তবুও এই জয় অন্তত আরও এক রাতের জন্য তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখল।

এমআই/এসএন  

মন্তব্য করুন