© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির মায়ামিতে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার ক্যাসেমিরো!

শেয়ার করুন:
মেসির মায়ামিতে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার ক্যাসেমিরো!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ এএম | ২১ মে, ২০২৬
দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হতে যাচ্ছে; লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতেই যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টি এখন একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আগামী ৩০ জুন ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ক্যাসেমিরোর। গত জানুয়ারিতেই ওল্ড ট্রাফোর্ড ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। ফলে ফ্রি এজেন্ট হিসেবে মেজর সকার লিগের (এমএলএস) দ্বিতীয় দলবদল উইন্ডোতে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের এই উইন্ডোটি আগামী ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এর আগে দ্য অ্যাথলেটিক' মায়ামি ও ক্যাসেমিরোর মধ্যকার আলোচনার অগ্রগতির খবর প্রকাশ করেছিল। ইএসপিএনের ব্রাজিলিয়ান সংবাদদাতা ফেলিপে সিলভা ও পেদ্রো আইভো আলমেইদার তথ্যমতে, গত মার্চে ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ক্যাসেমিরোর সঙ্গে যোগাযোগ করে। ৩৪ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে ভেড়াতে এমএলএস-এর লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি এবং সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদ আগ্রহ দেখালেও, ক্যাসেমিরোর প্রথম পছন্দ ছিল মায়ামিই।



তবে চুক্তি প্রায় চূড়ান্ত হলেও ইন্টার মায়ামিকে এমএলএসের কিছু কাঠামোগত জটিলতা পার করতে হচ্ছে। লিগের নিয়ম অনুযায়ী, একটি ক্লাবে সর্বোচ্চ তিনজন 'ডেজিগনেটেড প্লেয়ার' থাকতে পারেন, যাদের পারিশ্রমিক নির্দিষ্ট বেতনসীমার বাইরে রাখা যায়। মায়ামির সেই তিনটি স্পট বর্তমানে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বার্তারামের দখলে রয়েছে। ফলে ক্যাসেমিরোর পারিশ্রমিক ডেজিগনেটেড ক্যাটাগরির বাইরে নির্ধারণ করতে হবে। এর পাশাপাশি এলএ গ্যালাক্সির সঙ্গে ডিসকভারি রাইট' বা স্বত্ব কিনে নেওয়ার বিষয়টিও নিষ্পত্তি করতে হবে মায়ামিকে। এমএলএসের নিয়মানুযায়ী, প্রথম দলবদলের বাজারে গ্যালাক্সি সবার আগে ক্যাসেমিরোর জন্য বিড করায় এই খেলোয়াড়ের সঙ্গে চুক্তির প্রধান স্বত্ব তাদের কাছে রয়েছে।

ক্লাব দলবদলের এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আগে ক্যাসেমিরোর পুরো মনোযোগ এখন কেবলই আন্তর্জাতিক মঞ্চে। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তারকা। সেলেসাওদের হয়ে বিশ্বকাপ মিশন শেষ করেই হয়তো মায়ামির জার্সিতে দেখা যাবে তাকে।

এমআই/এসএন  

মন্তব্য করুন