© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

শেয়ার করুন:
৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৮ পিএম | ২১ মে, ২০২৬
প্রায় ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাইওয়ে পুলিশের তৎপরতায় দীর্ঘ সময় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে লাগা যানজট স্বাভাবিক হয়। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহাসড়কের মেঘনা-দাউদকান্দি সেতুর অপর প্রান্ত ভবেরচর এলাকায় একটি ইটবাহী ট্রাক উল্টে যায়। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সেতুর অন্যপ্রান্তে দাউদকান্দি অংশে একটি গাড়ি বিকল হয়ে যায়। এই দুই দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করে।

প্রায় ২-৩  ঘণ্টার চেষ্টার পর সেগুলো সরাতে সক্ষম হয় পুলিশ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানজট দীর্ঘ হতে থাকে। ভবেরচর থেকে চট্টগ্রামের দিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পুটিয়া এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে। এতে তীব্র গরমে বেশ ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এ প্রতিবেদন লেখার সময় দুপুর ২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান দেশের একটি গণমাধ্যমকে বলেন, দুটি দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরআই/এসএন

মন্তব্য করুন