রামিসা হত্যার বিচার চাইলেন নারী দলের অধিনায়ক জ্যোতি
ছবি: সংগৃহীত
০৩:২৯ পিএম | ২১ মে, ২০২৬
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ বছরের শিশু রামিসাকে। প্রতিবেশী দ্বারা ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন এই শিশু। এমন ন্যক্কারজনক ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারাদেশের মানুষ। বিচার চেয়ে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতান জ্যোতিও।
১৪ ঘন্টা আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিগার সুলতানা জ্যোতি লিখেছেন,‘ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না... ’
বাকি সবার মতো জ্যোতিও চেয়েছেন বিচার। পোস্টে লিখেছেন, ‘রামিসা হত্যার বিচার চাই! জাস্টিস ফর রামিসা।’
রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন অন্যান্য ক্রিকেটাররা। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার আমি জোরালোভাবে দাবি করছি। কোনো পরিবার যেন কখনও এমন অসহনীয় কষ্ট ও ট্র্যাজেডির মধ্য দিয়ে না যায়।’
কন্যা সন্তানের বাবা হিসেবে কোনোভাবেই এমন ঘটনা মেনে নিতে পারছেন না লিটন কুমার সা। চেয়েছেন সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী, ‘এ ধরনের ঘটনা কোনো সমাজেই সহ্য করা যায় না। আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয় ছাড়া বড় হতে পারে।’
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী সেকশন-১১-এর ব্লক বি এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের (৭) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা।
আরআই/টিকে