© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অটোমেশন খাতে বিদেশি কর্মীদের দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

শেয়ার করুন:
অটোমেশন খাতে বিদেশি কর্মীদের দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১২ পিএম | ২১ মে, ২০২৬
মালয়েশিয়ার শিল্প ও উৎপাদন খাতে অটোমেশনের গতি বাড়িয়ে বিদেশি শ্রমিকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আনার তাগিদ দিয়েছেন দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী সিম জে জিন।

বৃহস্পতিবার (২১ মে) কুয়ালালামপুরে ‘মেটালটেক অ্যান্ড অটোমেক্স এক্সিবিশন ২০২৬’ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

উপমন্ত্রী সতর্ক করে বলেন, অনেক শিল্প এখনও বিদেশি কর্মীদের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল, যা তাদের গ্লোবাল ভ্যালু চেইনে এগিয়ে যেতে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। ম্যানুয়াল বা সনাতন পদ্ধতিতে কাজ চালিয়ে গেলে মালয়েশিয়া বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।

অটোমেশনের ফলে স্থানীয় নাগরিকদের চাকরি হারানোর যে আশঙ্কা রয়েছে তা নাকচ করে দিয়ে সিম জে জিন বলেন, স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে কর্মসংস্থান কমবে না, বরং এটি কর্মীদের আরও উচ্চ-দক্ষ ও উন্নত বেতনের পেশায় রূপান্তর করতে সাহায্য করবে। কোনো কারখানা যখন অটোমেশনে রূপান্তরিত হয় তখন সেখানকার কর্মীরা সাধারণ অপারেটর থেকে টেকনিশিয়ানে উন্নীত হন। এর ফলে তারা নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি উচ্চ মজুরি পাওয়ার সুযোগ পান।

উপমন্ত্রী আরও জানান, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং উচ্চ-আয়ের অর্থনীতিতে রূপান্তরের কারণে ক্রমবর্ধমান ব্যয়ের মুখোমুখি হচ্ছে দেশের শিল্প খাত। এই পরিস্থিতিতে শিল্প প্রবৃদ্ধি ধরে রাখতে অটোমেশন গ্রহণ করা এখন সময়ের দাবি।

মালয়েশিয়া বর্তমানে দুটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে একটি হলো প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং অন্যটি হলো মজুরি বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান ব্যয়ের চাপ। আর এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা করে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অটোমেশনের ওপর জোর দিচ্ছে সরকার।

ম্যানুয়াল প্রক্রিয়া থেকে অটোমেশনে রূপান্তরের জন্য সরকার বর্তমানে ৩ হাজার কোম্পানিকে লক্ষ্যবস্তু করেছে এবং তাদের সহায়তায় ম্যাচিং গ্রান্ট ও অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে।

উপমন্ত্রী জানান, বড় কারখানাগুলোর জন্য এই ম্যাচিং গ্রান্টের পরিমাণ ২০ মিলিয়ন রিঙ্গিত পর্যন্ত হতে পারে। পাশাপাশি মালয়েশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্স বারহাদ অটোমেশন ও আধুনিকীকরণের জন্য স্বল্প সুদে ঋণের সুবিধা দিচ্ছে এবং এক্সিম ব্যাংক কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম ডিজিটালাইজড করতে ও রফতানি সুরক্ষায় আর্থিক সহায়তা প্রদান করছে।

এসকে/টিকে

মন্তব্য করুন