বোনাস না নিয়ে বিশ্বমানের জিমনেশিয়াম ও সুইমিং পুল নির্মাণের অনুরোধ ক্রিকেটারদের
ছবি: সংগৃহীত
০৬:৫২ পিএম | ২১ মে, ২০২৬
ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বড় সাফল্যের পর ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ভিন্ন কিছু চেয়েছেন ক্রিকেটাররা। বোর্ড বোনাস দিতে চাইলেও ক্রিকেটাররা তা না নিয়ে মিরপুরের জিমনেশিয়ামের আধুনিকায়ন এবং নতুন সুইমিং পুল ও পুনর্বাসন সুবিধা তৈরির অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পিতবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমে আলাপকালে বিষয়টি জানান বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

তামিম বলেন, ‘খেলোয়াড়দের তরফ থেকেও একটা জিনিস এসেছে যেটা আমি খুব সমর্থন করি। ওরা বলছে, ভাইয়া বোনাস আমাদের দরকার নাই। আপনারা যদি খুব সুন্দর করে একদম সর্বোচ্চ সুবিধা দিয়ে জিম আর সাথে সুইমিং পুল করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসেবে হিসাব করে নিব।’
খেলোয়াড়দের এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে বোর্ড। তামিম বলেন, ‘আমি তাদেরকে বলেছি যে পৃথিবীর সবচেয়ে ভাল ইকুইপমেন্টস আছে, ওগুলা দিয়ে আমরা খুব সুন্দরভাবে জিম করে দিব। পাশাপাশি সামনে সুইমিং পুল করে দিব। সাথে আইস বাথের জন্য যেটা আধুনিক যে টেকনোলজি, ওটা ব্যবহার করে... মেশিনই অটোমেটিকলি পানিকে ঠান্ডা করবে আর গরম করবে।’
তামিম মনে করেন খেলোয়াড়দের এই চাহিদা পূরণ করলে অনেকে উপকৃত হবে। ‘টাকা হয়তোবা দিলে যতই টাকা দিতাম... ওই টাকাটা তাদের জন্য জীবন পরিবর্তনের মতো কোনো কিছু হতো না। তবে তারা এর পরিবর্তে যে জিনিসটা চেয়েছে, এই সুবিধা দিয়ে অনেকের হয়তোবা ক্রিকেটিং অনেক কিছু ইমপ্রুভ হতে পারে।’
বর্তমান জিমটাকেই আধুনিকায়নের পরিকল্পনা করছে বোর্ড। তামিম বলেন, ‘জিম নিয়ে জিনিসটা আমরা পরিকল্পনা করেছি, এই জিমটাকে পুরা পুনর্নির্মাণ করব। জিম এটাই থাকবে, ভেঙে একটু বড় করব... তার ঠিক সামনে একটা জায়গা দেখবেন যে খালি জায়গা আছে। এই জায়গায় একটা স্টিল স্ট্রাকচার করে এনএসসি পারমিশন নিয়ে... ওখানে সুইমিং পুল, আইস বাথ আর হট বাথের জন্য একটা তৈরি করে দেওয়া হবে।’
আরআই/টিকে