নওগাঁ ও বরিশালে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের
ছবি: সংগৃহীত
০৭:৫৮ পিএম | ২১ মে, ২০২৬
নওগাঁ ও বরিশালে বজ্রপাতে চারজেনের মৃত্যু হয়েছে। নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।
রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে বরিশালের গৌরনদী উপজেলায় আকস্মিক বজ্রপাতে পানের বরজে কাজ করা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।
এছাড়াও গুরুতর আহত হয়েছেন দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকার (৪০)। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত তিনজন ভীমেরপাড় এলাকার একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে তারা পানের বরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আলিম হাওলাদার ও সুকান্ত বালার মৃত্যু হয় এবং গোপাল সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রথমে বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পাই। পরে চৌকিদার পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হই। মরদেহ বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বজ্রপাত নিরোধে উপজেলা প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে তালগাছ রোপণ করা হয়েছে।
এমআর/টিকে