সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
০৮:১৫ পিএম | ২১ মে, ২০২৬
সিলেটে মিছিল বের করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান মোল্লা। গ্রেপ্তাররা হলেন জৈন্তাপুর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আল মারজান এবং লক্ষ্মীপ্রসাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাইফুল ইসলাম রিপন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর করিচেরপুল এলাকায় সাইফুল ইসলাম রিপনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে মিছিল বের করে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে পুলিশ।
এরপর মঙ্গলবার সন্ধ্যায় হরিপুর বাজার এলাকা থেকে আল মারজানকে গ্রেপ্তার করা হয়। এদিকে বুধবার সন্ধ্যায় চতুল বাজার এলাকা থেকে রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন উপজেলা ছাত্রদল নেতা বদরুল আলম ও তার সহযোগীরা।
পুলিশ জানায়, রিপন এর আগে ঢাকায় একটি রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে সাত মাস কারাভোগ শেষে জামিনে বাড়ি ফেরেন তিনি।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবর রহমান বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় নাশকতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির মতো যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।’ তিনি আরো জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরআই/টিকে