ঈদযাত্রায় অব্যবস্থাপনা দেখলে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৫০ পিএম | ২১ মে, ২০২৬
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর পথে কোথাও কোনো অব্যবস্থাপনা, দুর্ঘটনা বা হয়রানি দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এতদিন দেখা গেছে কোনো দুর্ঘটনা ঘটলে ছোট কর্মচারীদের ওপর দায় চাপিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া হতো এবং তাদের শাস্তির আওতায় আনা হতো। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখন থেকে কোনো দুর্ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত প্রধানকে জবাবদিহির আওতায় আনা হবে এবং তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রায় নৌপথে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হবে না, বরং নিয়ম-কানুন সম্পর্কে তাদের সচেতন করা হবে।
ফেরিতে যানবাহন ওঠানামার সময় যাত্রীদের আগে নামিয়ে দেওয়া হবে। ঘাটগুলোর প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সংখ্যার বাইরে অতিরিক্ত যানবাহন ফেরিতে উঠতে না পারে। এ বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সচেতন করা হবে।
তিনি আরো বলেন, ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন-সে জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক শফিউল বারী, বিআইডব্লিউটিসির পরিচালক আতিকুজ্জামান (বাণিজ্য), কারিগরি পরিচালক ক্যাপ্টেন হাসিফুর রহমান, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদ হোসেন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরআই/টিকে