© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শতাধিক শরীরচর্চার শিক্ষক পাচ্ছেন মাউশির বিশেষ প্রশিক্ষণ

শেয়ার করুন:
শতাধিক শরীরচর্চার শিক্ষক পাচ্ছেন মাউশির বিশেষ প্রশিক্ষণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ২১ মে, ২০২৬
ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বেসরকারি ও সরকারি কলেজের শরীরচর্চা (শারীরিক শিক্ষা) শিক্ষক-শিক্ষিকাদের জন্য তিন দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ২০২৬’ এর আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির শারীরিক শিক্ষা শাখার তত্ত্বাবধানে আগামী ৯ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশেষ প্রশিক্ষণে তিন ব্যাচে মোট ১০৫ জন শিক্ষক অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষকদের আগামী ৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (২১ মে) মাউশির শারীরিক শিক্ষা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই প্রশিক্ষণের বিস্তারিত সূচি ও শর্তাবলি জানানো হয়।

মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, প্রশিক্ষণ কোর্সটি মোট তিনটি ব্যাচে অনুষ্ঠিত হবে এবং প্রতি ব্যাচে ৩৫ জন করে শিক্ষক অংশ নেবেন। এর মধ্যে প্রথম ব্যাচের প্রশিক্ষণ আগামী ৯ থেকে ১১ জুন এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ১৩ থেকে ১৫ জুন ঢাকার সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে।

এছাড়া তৃতীয় ব্যাচের প্রশিক্ষণটি ১৬ থেকে ১৮ জুন ময়মনসিংহের সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাউশি জানিয়েছে, এই প্রশিক্ষণে অংশ নিতে শিক্ষকদের অবশ্যই ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বি. পি. এড) ডিগ্রিধারী হতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট পদে নিয়োগ এবং এমপিওভুক্তির চাকরিকাল ন্যূনতম ২ বছর এবং বয়স অনূর্ধ্ব ৫০ বছর হতে হবে। তবে সরকারি নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেসব নারী শিক্ষিকাদের ছোট বাচ্চা রয়েছে, তাদের এই কোর্সে আবেদন করার প্রয়োজন নেই।

আগ্রহী শিক্ষকদের একটি নির্ধারিত গুগল ফর্ম লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মনোনীত শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ছাড়পত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশিক্ষণের জন্য আবশ্যকীয় পোশাক হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এক জোড়া কেডস ও ট্রাউজার সঙ্গে আনতে হবে এবং অংশগ্রহণকারীদের টিএ/ডিএ সুবিধা স্ব-স্ব প্রতিষ্ঠান বহন করবে বলেও জানানো হয়েছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন