সরকারি সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে ফ্রি ওয়াই-ফাই, নির্দেশ জারি
ছবি: সংগৃহীত
১০:০৪ পিএম | ২১ মে, ২০২৬
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসেবে অধিদপ্তরের অধীনস্থ দেশের সব সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয়, জিপিএমএস, আইসিটি, প্রশিক্ষণ ও মনিটরিং শাখা (শাখা-০২) থেকে জারি করা এক সরকারি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুল হাসানের সই করা এই চিঠিতে দেশের সব সরকারি পলিটেকনিক, মনোটেকনিক ইন্সটিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং সব সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষদের দ্রুত এ নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এই ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, চলমান মে মাসের মধ্যেই সব প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তা নিশ্চিত করে অধিদপ্তরকে প্রতিবেদন আকারে জানাতে বলা হয়েছে।
এমআর/টিকে